মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা ।
১. কোনো গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন হল —এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো । [মাধ্যমিক-২০১৭]
চক্রশাইল গ্রামে উদ্বোধন হল সরকারি হাসপাতাল
নিজস্ব সংবাদদাতা, চক্রশাইল , ফেব্রুয়ারি ২০২৩ : সাফানগর ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এক প্রান্তিক গ্রাম চক্রশাইলে গতকাল মাননীয় শ্রম প্রতিমন্ত্রী ও স্থানীয় বিধায়ক উপস্থিতিতে একটি সরকারি হাসপাতালের উদ্বোধন হয়ে গেল ।
এর পূর্বে চক্রশাইল এবং আশেপাশের এলাকায় কোনো সরকারি হাসপাতাল ছিল না । চিকিৎসার জন্য মানুষকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ছুটে যেতে হতো । অনেক সময় হাসপাতালে পৌঁছতে দেরি হয়ে গেলে, বহু দুরারোগ্য রোগী পথ মধ্যেই মারা যেতো । কিন্তু এই চক্রশাইলে সরকারি হাসপাতালের উদ্বোধন হওয়ার পর এই সমস্যা আর থাকবে না বলেই মনে করছেন সাধারণ মানুষ । স্থানীয় বিধায়ক ও শ্রম প্রতিমন্ত্রীর গলায় শোনা যায়, "চক্রশাইলে সরকারি হাসপাতাল থাকার দরুন বহু অসুস্থ ব্যক্তি সঠিক চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠবেন আশা করছি ।"
প্রসঙ্গক্রমে নতুন উদ্বোধন হওয়া এই সরকারি হাসপাতালে দশটি ঘর আছে । ডাক্তার থাকবেন পাঁচজন । বিনামূল্যে ওষুধ পত্র দেওয়ার সুব্যবস্থা থাকবে । এমনকি মাঝরাতে কোনো অসুবিধা হলে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আছে । হাসপাতালের উন্নত পরিকাঠামো দেখে এক বিশিষ্ট শিক্ষক তাপস কুমার দাস বলেন , "এবার থেকে অসুস্থ হলে আর দুর্ভাবনা থাকবে না এলাকাবাসীর । চক্রশাইলের মতো গ্রামে সরকারি হাসপাতাল গড়ে তোলার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জানাই।"
**********************************************
২. তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হল — এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো । [মাধ্যমিক-২০১৮]
সকলের জন্য উন্মুক্ত হল অটল বিহারী স্মৃতি পাঠাগার
নিজস্ব সংবাদদা , সাফানগর দক্ষিণ দিনাজপুর ২১ শে ফেব্রুয়ারি ২০২৪ : সুতি ২ নং ব্লকের অন্তর্গত এক প্রান্তিক গ্রাম কাশিমনগরে উদ্বোধন হল অটল বিহারী স্মৃতি পাঠাগার। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান, কাশিমনগর হাইস্কুলের প্রধান শিক্ষক এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় । প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট শিক্ষক শ্রী অমর কুমার দাস মহাশয়। তিনি বলেন —"বই পড়ার অভ্যাস ক্রমশই কমে যাচ্ছে । পাঠাগারের মাধ্যমে নিশ্চয়ই স্থানীয় মানুষের মনে বইপড়ার আগ্রহ জন্মাবে ।" বর্তমান সময়ে পাঠাগারের উপযোগিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে মনোজ্ঞ বক্তৃতা দেন কাশিমনগর হাইস্কুলের প্রধান শিক্ষক মহাশয়।
**********************************************
৩. বিদ্যালয়ের শিক্ষক দিবসে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো । [মাধ্যমিক-২০১৯]
যথাযথ মর্যাদায় পালিত হল শিক্ষক দিবস
নিজস্ব সংবাদদাতা, সাফানগর , দক্ষিণ দিনাজপুর , ৬ সেপ্টেম্বর ২০১৮ : সাফানগর অঞ্চলের বিশিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সাফানগর বিদ্যাপীঠ হাইস্কুলে গতকাল ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিবস তথা শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হল । বিদ্যালয়ের হলঘরে দুপুর ১২ টায় এই অনুষ্ঠানের সূচনা করেন ভারত সেবাশ্রম সংঘের সাফানগর শাখার অধ্যক্ষ তথা বিদ্যালয়ের সম্পাদক শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ । তিনি দেশ ও জাতি গঠনে শিক্ষকদের ভূমিকার কথা আলোচনা করেন । সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক এবং প্রাক্তন ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন ।
বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক ও ছাত্রদের পক্ষ থেকে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আবৃত্তি,ক্যুইজ,নাচ ,গান,নাটক মিলিয়ে প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠান হয়।
সুন্দর ও সুপরিকল্পিত অনুষ্ঠানের শেষ পর্বে অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রবীণ শিক্ষকদের সংবর্ধিত করা হয় । অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন । বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে অনুষ্ঠানের স্মারক রূপে বিদ্যালয়ের নামাঙ্কিত কলম উপহার দেওয়া হয় ।
**********************************************
৪. তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হল- এ বিষয়ে সংবাদপত্রের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। [ মাধ্যমিক-২০২০]
সাফানগর বিদ্যাপীঠ হাইস্কুলে পালিত হল অরণ্য সপ্তাহ
নিজস্বসংবাদদাতা, চক্রশাইল , দক্ষিণ দিনাজপুর, ২০ জুলাই, ২০২৪ : সাফানগর বিদ্যাপীঠ হাইস্কুলে বুধবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অরণ্য সপ্তাহ পালন করল। এ দিন সকালে স্কুলের রোল কল এবং এক পিরিয়ডের পরে, স্কুল চত্বরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন সাফানগর ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান মমতাজ বিবি এবং কুমারগঞ্জ ব্লকের বিডিও সৌভিক ঘোষ মহাশয়, ডি.এন.সি কলেজের বাংলার অধ্যাপক মাননীয় সুনীল কুমার দে মহাশয়, প্রধান শিক্ষক বিশ্বজিৎ সরকার মহাশয় সহ এলাকার বহু বিশিষ্ট মানুষ।
অরণ্য সপ্তাহ উপলক্ষে পরিবেশে অরণ্যের ভূমিকা নিয়ে স্কুল পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ওই এলাকায় একটি মিছিল করা হয় , সেখানে ছাত্রছাত্রীরা পোস্টার নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ার জন্য মিছিল করেন। এরপর যথারীতি অনুষ্ঠান শুরু হলে মঞ্চে বক্তব্য রাখলেন অধ্যাপক, বিডিও, সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিৎ সরকার-সহ অন্যান্য শিক্ষক ও বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান শেষে ব্লকের পক্ষ থেকে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে চারা গাছ উপহার দেয়া হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে চারা গাছ রোপন করা হয়।
**********************************************
৫. নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী - এ বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো ।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি
নিজস্ব সংবাদদাতা, সাফানগর , দক্ষিণ দিনাজপুর ২১ জুলাই ২০২৩ : সম্প্রতি যেকোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সর্বসাধারণের কাছে এক জ্বলন্ত সমস্যা হয়ে দেখা দিয়েছে। বিশেষভাবে ভোজ্যদ্রব্যগুলির দাম উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের চূড়ান্ত সংকটের মুখোমুখি হচ্ছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে রয়েছে চাল, সরষের তেল ,আলু, পিঁয়াজ, জীবনদায়ী ওষুধ, বস্ত্র প্রভৃতি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অর্থনৈতিক দিক। মুদ্রাস্ফীতির চাপ, চাহিদা-যোগানের ভারসাম্যহীনতা, ডিজেলের মূল্যবৃদ্ধি প্রভৃতি কারণে দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী হচ্ছে। ফলে নিম্ন মধ্যবিত্ত মানুষের অবস্থা হয়ে পড়েছে 'নুন আনতে পান্তা ফুরায়'- মতো। দ্রব্যমূল্য বৃদ্ধির ঊর্ধ্বগতি যদি অবিলম্বে স্তব্ধ করা যায় তবে দেশে চরম অস্থিরতা দেখা দেবে ,ভেঙে পড়তে পারে সমাজ ব্যবস্থা। দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ রাজ্য ও কেন্দ্র সরকারকে যৌথভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে তবে সাধারণ মানুষ দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি লাভ করবে ।
**********************************************
৬. জলা বুজিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয় - এই বিষয়ে অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো।
জলাভূমি ভরাট ও সবুজ ধ্বংসের বিরুদ্ধে স্থানীয় মানুষের প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট , দক্ষিন দিনাজপুর, ৫ জুন ২০২৪: বহুতল নির্মাণের জন্য জলাভূমি ধ্বংস করার যে অশুভ প্রচেষ্টা সর্বত্র লক্ষ করা যাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলেন বালুরঘাটের স্থানীয় বাসিন্দাদের নিয়ে গড়ে ওঠা নাগরিক মঞ্চ। স্থানীয় নেতাজি সংঘের প্রাঙ্গণে প্রতিবাদ আন্দোলন মিলিত হলেন অঞ্চলের বিশিষ্ট মানুষজন ।
শহর ও শহরতলীতে আবাসন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। একদিকে জনসংখ্যা বৃদ্ধি এর অন্যতম কারণ হলেও অন্যদিকে কিছু আবাসন নির্মাণচক্র বেআইনিভাবে জলাজমি বুঝিয়ে ও বৃক্ষছেদন করে ইট কাঠ পাথরের কাঠামো গড়ে তুলতে চাইছে । ফলে পরিবেশ হয়ে উঠছে দূষিত ও বিষাক্ত । প্রতিবাদ আন্দোলনে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন বক্তা এই বিষয়টির উপর গুরুত্বারোপ করেন। সবুজ ও উন্মুক্ত পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য জলাভূমি ভরাটের মতো ঘৃণিত কাজের বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তর আন্দোলন এবং প্রতিবাদের শপথ গ্রহণ করেন। স্থানীয় প্রশাসক ও সর্বোচ্চ প্রশাসকের কাছে নাগরিকদের সই সংগ্রহ করে দুষ্টচক্র রাজের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার ডাক দেওয়া হয়।
**********************************************
৭. রক্তদান শিবির এই বিষয়ের উপর একটি প্রতিবেদন রচনা করো ।
রক্তদান জীবন দান
নিজস্ব সংবাদদাতা, সাফানগর, দক্ষিণ দিনাজপুর,২ জুলাই ২০২৩ : চিকিৎসক দিবস উপলক্ষে সাফানগর অগ্রণী যুব সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল একদিনে স্বেচ্ছায় রক্তদান শিবির । এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সুষ্ঠুভাবে এই মহৎ উদ্যোগটি সুসম্পন্ন হয়। সকাল দশটায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের শ্রমপ্রতিমন্ত্রী জাকির হোসেন মহাশয়। উপস্থিত ছিলেন স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, ডি.এন.সি কলেজের অধ্যক্ষ এবং স্থানীয় বিশিষ্ট বুদ্ধিজীবী ও সমাজকর্মীগণ ।
আধুনিক চিকিৎসা বিজ্ঞান বহু অসাধ্যসাধন ঘটালেও এ পর্যন্ত কৃত্রিম রক্ত আবিষ্কারে সক্ষম হয়নি। তাই অগ্রণী যুব সংঘের এই স্বেচ্ছায় রক্তদান শিবির অবশ্যই প্রশংসাযোগ্য একটি উদ্যোগ। সারাদিন ব্যাপী ৭৫ জন রক্তদাতা রক্ত দান করেন । রক্তদাতাদের প্রত্যেকের জন্য সামান্য জল খাবারের ব্যবস্থা করতে ভোলেনি ক্লাবটি। বেলা তিনটে নাগাদ রক্ত সংগ্রহ পর্ব শেষ হলেও পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানের সন্ধে ছ'টা পর্যন্ত চলতে থাকে। সংঘের সম্পাদক জানান বালুরঘাট মহকুমা হাসপাতালের রক্তভাণ্ডারে রক্ত দান করা হবে। সবশেষে এলাকাবাসীর সার্বিক আগ্রহে ঘোষিত হয়- প্রতিবছর এই ভাবেই রক্তদানের মতো এমন মহাপুণ্যের অনুষ্ঠান আয়োজিত হবে।
**********************************************

0 Comments